![]()
ঝালকাঠি: জমি নিয়ে বিরোধের জেরে হেলাল খান (৩০) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার মামলায় প্রধান আসামি লিটন খানকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গত বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার ছোনাউটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া লিটন খান (৪০) উপজেলার ছোনাউটা গ্রামের মৃত রত্তন খানের ছেলে।
এর আগে গত সোমবার (২ নভেম্বর) আহত হেলাল খানের বাবা মো. হাবিব খান বাদী হয়ে লিটন খানসহ পাঁচজনকে আসামি করে থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলাটি জিআর ১৪৭/২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের হাবিব খানের সঙ্গে একই বাড়ির লিটন খানের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাড়িতে সালিস বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে হাবিব খানের ছেলে হেলাল খানের সঙ্গে লিটনের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।
একপর্যায়ে লিটন খান ধারালো দা দিয়ে হেলালের মাথায় কোপ দেন। এ সময় মামলার অন্য আসামিরা লোহার রড ও লাঠি দিয়ে হেলালকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরদিন শনিবার (৩১ অক্টোবর) তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:৪৮:০৮ ১ বার পঠিত | ● কাঁঠালিয়া হত্যাচেষ্টা মামলা ● লিটন খান ● হেলাল খান