![]()
পাবনা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
শনিবার পাবনার সুজানগরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জোর করে কিংবা অন্য কোনো স্বৈরশাসকের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য তাঁকে বিভিন্ন সময়ে চরম পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ঐতিহাসিক ও সর্বোচ্চ অবদান রয়েছে। তাঁকে সামনে রেখেই এ দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল।
দিবসটি পালন উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাদের হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:৫৮:১৪ ৩ বার পঠিত | ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ● জিয়াউর রহমান ● সুজানগর ● সেলিম রেজা হাবিব