![]()
ঝালকাঠি: নলছিটিতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বজন ও সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা পুলিশের কাছ থেকে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটি ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, সিরাজ মোল্লাসহ হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৬:৫৫:৫১ ১ বার পঠিত | ● নলছিটি ছাত্রলীগ ● পুলিশের ওপর হামলা ● সিরাজ মোল্লা