![]()
ঢাকা: কৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে আবহাওয়ার আগাম পূর্বাভাস। ফলে বৃষ্টি, তাপমাত্রার পরিবর্তন কিংবা প্রতিকূল আবহাওয়া সম্পর্কে আগেই সতর্ক হতে পারবেন কৃষকরা।
এ লক্ষ্যে দোহার উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার কৃষকদের কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী চার বছরে সারা দেশে প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।
দোহার উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, দোহার উপজেলায় প্রায় ৩২ হাজার কৃষকের ডাটাবেইজ তৈরির কাজ শুরু করেছে উপজেলা কৃষি কার্যালয়। এরই ধারাবাহিকতায় উপসহকারী কৃষি কর্মকর্তারা ইউনিয়ন পর্যায়ে কৃষকদের তথ্য সংগ্রহ করে ডাটাবেইজ তৈরি করছেন।
কৃষক কার্ড কর্মসূচির আওতায় কৃষকদের জন্য বিশেষ সুবিধা চালু করছে সরকার। এসব সুবিধার মধ্যে রয়েছে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ও সেচসুবিধা, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, আবহাওয়ার আগাম তথ্য, কৃষি উপকরণ সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং কৃষিবীমাসহ মোট ১০ ধরনের সেবা।
বাংলাদেশের কৃষি উৎপাদন অনেকাংশেই আবহাওয়ার ওপর নির্ভরশীল। অনিয়মিত বৃষ্টিপাত, অতিবৃষ্টি, খরা, তাপমাত্রার পরিবর্তন কিংবা ঝড়ের কারণে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকে। আগাম আবহাওয়ার তথ্য পেলে এসব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় কৃষকরা আগে থেকেই প্রস্তুতি নিতে পারবেন।
সরেজমিনে নারিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মালিকান্দায় ইউপি সদস্য সিরাজ মেম্বারের বাড়িতে গিয়ে কৃষকদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা ও নারিশা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সব কৃষকের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের তথ্য নিয়ে কৃষক কার্ডের ডাটাবেইজ তৈরির কাজ করছেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, কার্ডধারী কৃষকদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে আবহাওয়ার পূর্বাভাস পাঠানোর উদ্যোগটি আবহাওয়াসংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
পাশাপাশি দেশের সব কৃষককে একটি সমন্বিত তথ্যভান্ডারের আওতায় আনতে এ কার্যক্রম হাতে নিয়েছে সরকার। সারা দেশের কৃষকদের কাছে সরকারি কৃষিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:২১:৫৪ ২ বার পঠিত | ● আবহাওয়ার আগাম পূর্বাভাস ● কৃষক কার্ড কর্মসূচি ● দোহার কৃষক কার্ড ● নিয়াজ মোহাম্মদ মিঠুন