ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের মামলায় আসামি ২০০-২৫০ জন

চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের মামলায় আসামি ২০০-২৫০ জন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের মামলায় আসামি ২০০-২৫০ জন

পাবনা: চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচুরের পর ৬১১ বস্তা সার লুটের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাশাপাশি মাইকিং করে লুট করে নিয়ে যাওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। এ পর্যন্ত ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে মামলাটি দায়ের করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সার গোডাউন ভাঙচুর ও লুটের ঘটনায় ডিলার প্রবীর কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি করেছেন। এতে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এর আগে, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে। অন্য দুই সদস্য হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. লুৎফর রহমান।

অফিস আদেশে কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তবে কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে, তা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, চাটমোহর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, লুট করে নিয়ে যাওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করার পর সোমবার পর্যন্ত ৯৮ বস্তা সার ফেরত পাওয়া যায়। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত আরও আট বস্তা ফেরত আসে। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, মোট ১০৬ বস্তা সার ফেরত পাওয়া গেছে। ধীরে ধীরে কৃষকেরা এসে সার ফেরত দিচ্ছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো এবং দেরিতে সার দেওয়া নিয়ে হট্টগোল শুরু হয়। একই সময় ছাইকোলা বাজারে আরও দুই ডিলার সার বিতরণ করছিলেন।

কিন্তু ওই দুই ডিলার হঠাৎ সার বিতরণ বন্ধ করে দিলে সবাই প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। সার না পেয়ে অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘরটি ভাঙচুর করেন। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

পরে হিসাব করে দেখা যায়, গুদামে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়, ৪০০ বস্তা মজুত ছিল এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে দাবি করা হয়।

খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসকসহ তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার নিখোঁজ রয়েছে। তাঁদের প্রাথমিক ধারণা, এটি পূর্বপরিকল্পিত ঘটনা হতে পারে।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫৮   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●