![]()
পটুয়াখালী: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অক্টোবর মাসে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। একই সময়ে জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে পটুয়াখালী। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনসহ নির্ধারিত কার্যক্রমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গলাচিপা উপজেলা অর্জন করেছে ১৬৩ শতাংশ এবং পটুয়াখালী জেলা ১০৩ দশমিক ৪৫ শতাংশ।
সোমবার, ৯ নভেম্বর রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অক্টোবর মাসে জেলা পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ১০৩ দশমিক ৮৩ শতাংশ অর্জন করে প্রথম হয়েছে হবিগঞ্জ জেলা। এ জেলায় জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৯৮৫টি। এর বিপরীতে নিবন্ধন হয়েছে ৪ হাজার ৪০১টি। অন্যদিকে, মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ২২০টি, যার বিপরীতে নিবন্ধিত হয়েছে ১ হাজার ১৮৬টি।
জেলা পর্যায়ে ১০৩ দশমিক ৪৫ শতাংশ অর্জন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালী। ৯৪ দশমিক ৬২ শতাংশ অর্জন করে তৃতীয় হয়েছে চুয়াডাঙ্গা জেলা।
উপজেলা পর্যায়ে ১৬৩ শতাংশ অর্জন করে দেশসেরা হয়েছে পটুয়াখালীর গলাচিপা। এ উপজেলায় জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি এবং মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা, যার অর্জন ১৪১ শতাংশ। ১৩৪ শতাংশ অর্জন নিয়ে তৃতীয় হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়; বরং এটি নাগরিকের আইনগত পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। একটি শিশুর জন্ম থেকে শুরু করে একজন নাগরিকের মৃত্যু পর্যন্ত রাষ্ট্রীয় তথ্যভান্ডারে সঠিক তথ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নির্ভুলতা, সময়ানুবর্তিতা ও সেবার মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘এ অর্জনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এ অর্জন যেন সাময়িক সাফল্যে সীমাবদ্ধ না থাকে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুণগত মান বজায় রাখা, শতভাগ নিবন্ধন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
পটুয়াখালী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। বিশেষ করে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে মাঠপর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গলাচিপা উপজেলা ১৬৩ শতাংশ অর্জন করে দেশসেরা হওয়া এবং পটুয়াখালী জেলা ১০৩ দশমিক ৪৫ শতাংশ অর্জন করে দ্বিতীয় স্থান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এ সাফল্যের পেছনে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।’ তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে কাজ করা হবে।
উল্লেখ্য, গত জুলাই মাসেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথমবারের মতো দেশসেরা হয়েছিল গলাচিপা উপজেলা। এ ছাড়া এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত টানা চার মাস এ কার্যক্রমে বরিশাল বিভাগের সেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন আবুজর মো. ইজাজুল হক। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বর্ষসেরা উপজেলা হয়েছিল দুমকি। ওই সময় বর্ষসেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন দুমকির তৎকালীন ইউএনও আবুজর মো. ইজাজুল হক।
বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩২ ১ বার পঠিত | ● আবুজর মো. ইজাজুল হক ● গলাচিপা উপজেলা ● জন্ম ও মৃত্যু নিবন্ধন ● পটুয়াখালী জেলা