![]()
পাবনা: দেশের প্রান্তিক পর্যায়ের তরুণদের স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তদারকিতে দেশব্যাপী শুরু হয়েছে ‘উদ্যোগ’ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় পাবনার সুজানগর উপজেলায় ‘তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বিষয়ে প্রচারণামূলক ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সুজানগর উপজেলায় কার্যরত সব ব্যাংকের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা লিড ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সুজানগর শাখার ব্যবস্থাপক সীমান্ত কুমারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, সোনালী ব্যাংক পিএলসির এজিএম ও শাখা ব্যবস্থাপক মাহমুদ উন নবী এবং বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার এসএমই বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ রিপন আলী।
কর্মশালায় স্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্ভাবনাময় তরুণ-তরুণীরা অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে সম্ভাবনাময় নারী ও পুরুষ উদ্যোক্তা খুঁজে বের করার লক্ষ্যে এ কর্মসূচি চালু করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তাকে তাঁদের ব্যবসায়িক স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন দেওয়া হবে। এ বিশেষ তহবিলের ৫০ শতাংশ (সর্বোচ্চ ১০ লাখ টাকা) অনুদান হিসেবে এবং বাকি ৫০ শতাংশ (সর্বোচ্চ ১০ লাখ টাকা) সহজ শর্তে ব্যাংকঋণ হিসেবে দেওয়া হবে। অর্থায়নের পাশাপাশি সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য উদ্যোক্তাদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও মেন্টরিংয়ের সুবিধাও দেওয়া হবে।
আয়োজকেরা জানান, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই প্রকৃত ও যোগ্য উদ্যোক্তারা যেন এ সুবিধা পান, তা নিশ্চিত করতে সরাসরি উপজেলা পর্যায়ে এ প্রচারণামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে।
গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলছে, যা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। দেশের অবশিষ্ট ৫৬টি জেলার সব উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে তরুণেরা সরাসরি আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
কর্মশালায় উপস্থিত বক্তারা প্রান্তিক পর্যায়ের সব যোগ্য ও আগ্রহী তরুণ-তরুণীকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে এ সুযোগ গ্রহণের আহ্বান জানান।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩৭ ২ বার পঠিত | ● উদ্যোগ কর্মসূচি ● তরুণ উদ্যোক্তা অর্থায়ন ● বাংলাদেশ . ব্যাংক ● সুজানগর