![]()
মানিকগঞ্জ: জেলায় সোমবার রাতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক নাশকতামূলক ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে জেলার বিভিন্ন এলাকা।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের বাসভবন, পুলিশ ফাঁড়ি থেকে রাজনৈতিক কার্যালয়—কোনো গুরুত্বপূর্ণ স্থাপনাই বাদ যায়নি। আতঙ্ক ছড়ানোর এমন তৎপরতার মধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরিস্থিতি সামাল দিতে রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে একটি মিনিবাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, সন্ধ্যার পর থেকেই জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি ও ঘিওর বাসস্ট্যান্ডের সামনেও বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় রাতভর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঘটনাগুলোর পর নাশকতায় জড়িতদের খুঁজতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে সদর থানা পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন, সিংগাইর থানা পুলিশ একজন এবং দৌলতপুর থানা পুলিশ একজনকে আটক করে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম নাশকতার ঘটনাগুলো গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৪ ১ বার পঠিত | ● নাশকতার অভিযোগে আটক ● মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ● মানিকগঞ্জে বাসে আগুন