![]()
ভোলা: লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে মো. আব্দুল জলিল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর আপন বড় ভাই মো. সহিদের (৬৬) বিরুদ্ধে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে। পরে পুলিশ অভিযুক্ত সহিদকে আটক করে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল জলিল নিজের সুপারি বাগানে সুপারি পাড়তে গেলে তাঁর বড় ভাই মো. সহিদ বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও গালাগালি হয়। একপর্যায়ে সহিদ ছোট ভাই জলিলের গলা সুপারি গাছের সঙ্গে চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে আব্দুল জলিলের মৃত্যু হয়।
নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত মো. সহিদ দুজনই মৃত মনু মিয়ার ছেলে। তাঁরা লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়ির বাসিন্দা।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৫:৫৯ ৩ বার পঠিত | ● আব্দুল জলিল ● ভোলা ● মো. সহিদ ● লালমোহন হত্যা