ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার উদ্ধার, ডিলারকে জরিমানা

চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার উদ্ধার, ডিলারকে জরিমানা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার উদ্ধার, ডিলারকে জরিমানা

পাবনা: চাটমোহর উপজেলার ছাইকোলায় সার ডিলারের গোডাউন ভেঙে সার লুটের ঘটনায় উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে গত দুই দিনে ২৯০ বস্তা সার ফেরত দিয়েছেন স্থানীয়রা। এদিকে, সার মজুতের তথ্য গোপন করায় এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে বুধবার পর্যন্ত ২৯০ বস্তা ফেরত পাওয়া গেছে। এর মধ্যে মঙ্গলবার ১১৪ বস্তা এবং বুধবার ১৭৬ বস্তা ফেরত পাওয়া যায়। এখনও বাকি ৩২১ বস্তা উদ্ধার হয়নি।

তিনি আরও জানান, বুধবার ছাইকোলা বাজারের তিনটি ডিলার পয়েন্ট থেকে দুই হাজার কৃষকের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণ করা হয়। এ সময় মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান তাঁর গোডাউনে সার শেষ হয়ে গেছে বলে জানান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর গোডাউনে অভিযান চালিয়ে ৫০ বস্তা সার পাওয়া যায়। সার মজুত রেখে তা গোপন করায় ভ্রাম্যমাণ আদালত সার ডিলার হাবিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইউএনও ও কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এদিকে, চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, গোডাউন ভাঙচুর করে সার লুটের ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম তুষার আহমেদ (২১)। তিনি ছাইকোলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে। এর আগে একই দিন সকালে উপজেলার লাঙলমোড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে জহুরুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সরকারি সার বিতরণ করছিলেন। একই সময়ে ছাইকোলা বাজারে আরও দুই ডিলার সার বিতরণ করছিলেন। কিন্তু ওই দুই ডিলার হঠাৎ সার বিতরণ বন্ধ করে দিলে কৃষকেরা প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে সার লুট করেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

সার লুটের ঘটনায় গত সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, সার গোডাউন ভাঙচুর ও লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে সোমবার রাতে চাটমোহর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:০৫   ২ বার পঠিত  | ●   ●   ●   ●