![]()
কক্সবাজার: আবারও শহরের হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলাতলী এলাকায় কক্স অ্যাম্বাসেডর নামে একটি আবাসিক হোটেলের অষ্টম তলায় আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলটিতে অবস্থান করা শতাধিক পর্যটকসহ আশপাশের হোটেলের পর্যটক ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, হোটেলটির অষ্টম তলার একটি কক্ষের এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগে সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে ১৭ অক্টোবর সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায়। সেখানে কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ভোরে রিসোর্টের পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ক্রমাগত এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এন/এস
বাংলাদেশ সময়: ২১:১৩:৫৬ ১২ বার পঠিত | ● কক্স অ্যাম্বাসেডর হোটেল ● কক্সবাজার ফায়ার সার্ভিস ● কক্সবাজার হোটেলে আগুন ● কলাতলী অগ্নিকাণ্ড