![]()
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসররা সারা দেশে নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ডে দেশের মানুষ ক্ষুব্ধ। পুলিশ বক্সে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ এবং এনসিপির সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ করে তারা (আওয়ামী লীগ) মনে করছে, সবাইকে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখতে পারবে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিক্ষোভ মিছিলের আগে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
বক্তব্যে রিজভী আহমেদ বলেন, পুলিশ, র্যাব ও বিজিবি দিয়ে বৃষ্টির মতো গুলি চালিয়েও এ দেশের মানুষকে ভয় দেখানো যায়নি। মানুষ বুলেটের সামনে বুক পেতে দিয়ে, মৃত্যুকে আলিঙ্গন করে বর্বর ফ্যাসিবাদকে প্রতিহত করেছে।
তিনি আরও বলেন, গোপনে, অন্ধকারে, ভাড়ায় খেটে কয়েকটি টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না। যিনি শিশু, শিক্ষার্থী ও শ্রমিক হত্যা করেছেন, তাঁকে ফিরিয়েও আনা যাবে না। বর্তমানের এই অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।
বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
বিকেল সাড়ে চারটার পর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মী অংশ নেন। পরে বাংলামোটর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলে স্লোগান দেওয়া হয়, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘সিকিম নয় ভুটান নয়, এটা মোদের বাংলাদেশ’ এবং ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’।
বাংলাদেশ সময়: ২১:২৫:৩০ ১৩ বার পঠিত | ● আওয়ামী লীগের নৈরাজ্য ● বিএনপির বিক্ষোভ মিছিল ● রুহুল কবির রিজভী ● শেখ হাসিনা