![]()
পিরোজপুর: শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে কাউখালীর স্থানীয় হাট-বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন শাকসবজির সরবরাহ। বাজারে বিভিন্ন ধরনের সবজির পর্যাপ্ত উপস্থিতি থাকলেও দাম এখনো পুরোপুরি ক্রেতাদের নাগালে আসেনি। কিছু সবজির দাম সামান্য কমতে শুরু করলেও অধিকাংশ পণ্যের চড়া দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাজারের সাপ্তাহিক হাট ঘুরে দেখা যায়, কাঁচাবাজারের প্রায় প্রতিটি দোকানেই শীতকালীন ও মৌসুমি সবজির সমাহার। তবে সরবরাহ বাড়লেও এর প্রভাব দামে প্রত্যাশিতভাবে পড়েনি বলে অভিযোগ ক্রেতাদের।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মুলা ৩০ টাকা, পটল ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, শালগম ৬০ টাকা, শিম ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, কচুর গাটি ৪০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ টাকা, শসা ৫০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, টমেটো ১০০ টাকা এবং কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আকারভেদে প্রতিটি লাউয়ের দাম ৪০ থেকে ৭০ টাকা।
ব্যবসায়ীদের মতে, শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও স্থানীয় উৎপাদন এখনো চাহিদার তুলনায় কম। ফলে কাউখালীর বাজারে বিক্রি হওয়া সবজির বড় একটি অংশ খুলনা, যশোর ও বাগেরহাটসহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি দামে কিনে আনতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় ও বেশি দামে কেনার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়ছে।
দক্ষিণ বাজারের সবজি বিক্রেতা মো. আলামিন জানান, স্থানীয়ভাবে উৎপাদন কম থাকায় দূরবর্তী বিভিন্ন এলাকা থেকে বেশি দামে সবজি কিনে আনতে হয়। তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় উৎপাদন ও সরবরাহ আরও বাড়লে সবজির দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করছেন তিনি।
বাজারে সবজির পর্যাপ্ত উপস্থিতি থাকলেও প্রত্যাশিত হারে দাম না কমায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বাজার করতে আসা সরোয়ার হোসেন অভিযোগ করেন, বাজারে সবজির কোনো ঘাটতি নেই, অথচ সেই অনুপাতে দাম কমেনি। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের সুবিধামতো কাঁচামালের দাম ওঠানামা করাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
অন্যান্য ক্রেতার মতে, বাজারে নিয়মিত ও কার্যকর নজরদারির অভাবে ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণের সুযোগ পাচ্ছেন। ফলে নির্দিষ্ট ও সীমিত আয়ের মানুষকে প্রতিনিয়ত বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে।
সাধারণ মানুষের দাবি, সবজির সরবরাহ ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে নিয়মিত বাজার মনিটরিং, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নিশ্চিত হলেই নিত্যপ্রয়োজনীয় সবজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সম্ভব বলে মনে করছেন তারা।
এন/এস
বাংলাদেশ সময়: ০:৫৯:৫৯ ১১ বার পঠিত | ● কাউখালী সবজির বাজার ● পিরোজপুর ● শীতকালীন সবজির দাম