ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » জলবায়ু ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণের দাবিতে কয়রায় মানববন্ধন

জলবায়ু ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণের দাবিতে কয়রায় মানববন্ধন


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


জলবায়ু ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণের দাবিতে কয়রায় মানববন্ধন

খুলনা:তুরস্কের আনতালিয়ায় চলছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন জলবায়ু পরিবর্তনের সরাসরি শিকার উপকূলের মানুষের জীবনে কতটা প্রভাব ফেলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খুলনার কয়রার বাসিন্দারা। তাঁদের দাবি, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাটকাটায় শাকবাড়িয়া নদীর তীরে এ দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক এবং রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের দরিদ্র মানুষের দায় সবচেয়ে কম। অথচ এর ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে তাঁদেরই। নদীভাঙনে অনেকে হারাচ্ছেন বসতভিটা ও ফসলি জমি। লবণাক্ততা এবং সুপেয় পানির সংকটে ব্যাহত হচ্ছে তাঁদের স্বাভাবিক জীবনযাপন ও জীবিকা। পরিস্থিতির কারণে অনেক মানুষ বাধ্য হচ্ছেন এলাকা ছাড়তে।

ফোরামের সভাপতি রাসেল আহম্মেদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন কোনো তাত্ত্বিক আলোচনা নয়, এটি আমাদের উপকূলীয় অঞ্চলের প্রতিদিনের বাস্তবতা। যারা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী, ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই সবচেয়ে বেশি। আমরা করুণা চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।’

বক্তারা আরও বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার আলোচনায় উপকূলের মানুষের বাস্তব সংকটকে গুরুত্ব দিতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ন্যায্য জলবায়ু তহবিল, টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানির ব্যবস্থা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে জলবায়ু কর্মী, যুব প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৩:০১   ১৯ বার পঠিত  | ●   ●   ●   ●