ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে আট দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি নিকাহ রেজিস্ট্রারদের

পটুয়াখালীতে আট দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি নিকাহ রেজিস্ট্রারদের


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


পটুয়াখালীতে আট দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি নিকাহ রেজিস্ট্রারদের

পটুয়াখালী: কর্মএলাকা বহাল রাখাসহ আট দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার দুপুরে কাজী সমিতি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার সব নিকাহ রেজিস্ট্রার অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন কাজী সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা ফারুকে আজম, সাধারণ সম্পাদক মাওলানা মো. আসাদুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্ধারিত কর্মএলাকায় সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রাররা শরিয়াহসম্মত পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় দায়িত্ব পালন করে আসছেন।

তাঁদের অভিযোগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০২৬’-এর একটি নতুন খসড়া প্রস্তাব তৈরি করেছে। এতে বিদ্যমান নিয়োগ কাঠামো পরিবর্তন করে প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় ও শরিয়াহগত জ্ঞান নিশ্চিত না করেই সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।

বক্তারা আরও বলেন, সরকারের পক্ষ থেকে বেকারত্ব দূর করার যুক্তি দেখানো হলেও প্রস্তাবিত বিধিমালা বাস্তবায়িত হলে বর্তমানে কর্মরত হাজারো নিকাহ রেজিস্ট্রার ও তাঁদের পরিবার জীবিকা সংকট ও অনিশ্চয়তার মুখে পড়বেন। নতুন কর্মসংস্থান সৃষ্টির নামে আগে থেকে কর্মরত পেশাজীবীদের জীবিকা বিপন্ন করা কোনোভাবেই কাম্য নয়।

নিকাহ রেজিস্ট্রারদের আট দফা দাবির মধ্যে রয়েছে—বিদ্যমান কর্মএলাকা বহাল রাখা, মৃত বা অবসরপ্রাপ্ত কাজীর যোগ্য পুত্রকে অগ্রাধিকার দেওয়া, প্রার্থীর ধর্মীয় ও শরিয়াহগত যোগ্যতা বজায় রাখা, অবসরের বয়সসীমা নির্ধারণ, নিবন্ধন ফি বৃদ্ধি, ডিজিটাল ভুল সংশোধনে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, নোটারি পাবলিকের মাধ্যমে অবৈধ বিবাহ ও তালাকের প্রচলন বন্ধ করা এবং বিধিমালা প্রণয়নে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ।

বক্তারা এসব দাবি বাস্তবায়নে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও জোরালো আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তাঁরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:৩৭   ৪৬ বার পঠিত  | ●   ●   ●