ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি

বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি


রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি

দিনাজপুর: দোকানের কয়েক প্যাকেট বিস্কুট খেয়ে ফেলেছিল একটি বিড়াল। এতে ক্ষুব্ধ হয়ে ফাঁদ পেতে বিড়ালটিকে আটকে গলায় চিকন নাইলনের দড়ি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বেকারি দোকানির বিরুদ্ধে। পরে দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায় বিড়ালটির নিথর দেহ। মায়ের এমন পরিণতিতে অসহায় হয়ে পড়ে তার দুটি ছানা। এ ঘটনায় বিচারের দাবিতে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হন স্থানীয় এক প্রাণিপ্রেমী যুবক। পরে শাস্তি হিসেবে দোকানিকে ছয় মাস বাজারের সব কুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দোকানির নাম সারোয়ার হোসেন (৫২)। তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে বিড়াল হত্যার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু।

ইমুর অভিযোগ, গত শুক্রবার রাতে বলগাড়ি বাজারের ওই বেকারি দোকানি নিজের দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো একসময় খাবারের সন্ধানে গিয়ে সেই ফাঁদে আটকা পড়ে মা বিড়ালটি। পরদিন সকালে বিড়ালটির গলায় দড়ি পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। পরে সেটি দোকানের সামনেই ফেলে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিড়ালটি ওই দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলেছিল। এতে ক্ষুব্ধ হয়েই দোকানি ফাঁদ পেতে রাখেন বলে অভিযোগ করেন ইমু।

তিনি বলেন, নিহত বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর ছানা দুটি অসহায় হয়ে পড়েছে। খাবারের সন্ধানে একটি দোকানে ঢোকার কারণে একটি প্রাণীকে এভাবে হত্যার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। এ কারণে ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে যান।

অন্যদিকে, অভিযোগের মুখে নিজের দোষ স্বীকার করেন দোকানি সারোয়ার হোসেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ করার পর রাতে বিড়ালটি দোকানে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। নিজের আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেন।

ঘটনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি নজরে আসার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে পাঠানো হয়। পরে ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন।

তিনি আরও বলেন, শাস্তি হিসেবে তাঁকে ছয় মাস ওই বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি তাঁকে সতর্ক করা হয়েছে।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০৮   ১৯ বার পঠিত  | ●   ●   ●   ●