![]()
ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে একে অপরকে কটাক্ষ করেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলেছে পাল্টাপাল্টি আক্রমণ। এবার আবারও প্রকাশ্যে এসেছে তাদের মধ্যকার বিরোধ।
সাম্প্রতিক ঘটনার সূত্রপাত অপু বিশ্বাসের একটি বক্তব্যকে কেন্দ্র করে। পরীমনির সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা অপুর কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, শিল্পীদের সব সময় গোছানো জীবনযাপন করা উচিত। তবে বিষয়টি স্বাভাবিকভাবে নেননি পরীমনি।
এরপর ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে নিজের মতামত তুলে ধরেন পরীমনি। অপু বিশ্বাসের মতে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য রয়েছে, যা সংশ্লিষ্টদের মাথায় রাখা উচিত। বিভিন্ন অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় দেওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি।
অপু বিশ্বাসের সেই ভিডিও ফেসবুক পাতায় শেয়ার করে তাকে কটাক্ষ করেন পরীমনি। তীর্যক ভাষায় আক্রমণের পাশাপাশি অপুকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন তিনি।
এবার গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করলেন অপু বিশ্বাস। একটি অনুষ্ঠানে গিয়ে পরীমনির নাম উল্লেখ না করেই কঠোর জবাব দেন এই অভিনেত্রী।
এ সময় পরীমনির চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে মন্তব্য করেন অপু। তার দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি সিনেমা এখনো নির্মাণাধীন অথবা সেভাবে আলোচনায় আসেনি।
অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫ টি সিনেমার মাঝে ২০ টি সিনেমাই ফ্লপ, ৫ টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
অপুর এমন মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন পরীমনিও। সেখানেও সরাসরি নাম উল্লেখ না করে অপুকে ইঙ্গিত করে কটাক্ষ করেছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী।
দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি আক্রমণ দেখে শোবিজ অঙ্গনের অনেকেই সমালোচনা করছেন। কাজের বাইরে তারকাদের এমন ‘অহেতুক’ বিবাদে বিনোদন অঙ্গনের মন্দাবস্থার চিত্রই যেন ফুটে উঠছে।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:৫০:০৫ ২০ বার পঠিত | ● অপু বিশ্বাস ● পরীমনি ● পরীমনির সিনেমা ক্যারিয়ার