![]()
পিরোজপুর: কাউখালীতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ প্রকল্পের আওতায় আনার বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মফিজুর রহমান, সুশীলনের জেলা সমন্বয়কারী অঞ্জলি রানী, উপজেলা সমন্বয়কারী সুমন হাসান খান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী খান প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে দুর্যোগকালীন পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দেওয়ার উপযোগী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তাঁরা।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, উপকূলীয় অঞ্চলগুলো সব সময়ই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে। অতীতে দেখা গেছে, দুর্যোগ আঘাত হানার পর উদ্ধার ও ত্রাণকাজ শুরু করতে করতেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
তিনি বলেন, “এই পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচির মূল সৌন্দর্য হলো, দুর্যোগ আঘাত হানার আগেই আমরা মানুষকে সতর্ক করতে পারব এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারব। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং সুশীলনের যৌথ উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সামাজিক সুরক্ষা আরও সুদৃঢ় হবে এবং দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আমাদের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
এন/ ্ওস
বাংলাদেশ সময়: ১৫:৪৭:০৬ ১৮ বার পঠিত | ● কাউখালী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ● ডব্লিউএফপি ● পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ● সুশীলন