ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
চুয়াডাঙ্গা: দর্শনা রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি খালি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে চালক ও সহকারী চালককে কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় তাঁদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। হামলার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন ট্রেনের চালক (লোকোমাস্টার) নজরুল ইসলাম ও সহকারী চালক কবির হোসেন।
আহত চালক নজরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, সোমবার গভীর রাতে খালি মালবাহী ট্রেনটি নিয়ে সিগন্যালের অপেক্ষায় দর্শনা জংশনের আউটার সিগন্যাল এলাকায় অবস্থান করছিলেন তাঁরা। এ সময় অস্ত্রধারী ৭-৮ জনের একটি মুখোশধারী দল হঠাৎ ইঞ্জিনে হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে ও তাঁর সহকারীকে মারধর করে এবং এলোপাতাড়ি কোপায়। একপর্যায়ে তাঁদের জিম্মি করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। আহত অবস্থাতেই ট্রেনটি চালিয়ে ভোর ৫টার দিকে উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছান তাঁরা।
উথলী স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর তিনি আহত চালক ও সহকারী চালককে উদ্ধার করেন। স্থানীয়ভাবে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করার পর আলাদা দুটি ট্রেনে ঈশ্বরদীতে পাঠানো হয়। সকাল ১০টার দিকে অন্য একজন লোকোমাস্টার এসে ট্রেনটির দায়িত্ব নেন। পরে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে, ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ও ট্রেনটি পরিদর্শন করেন। তবে হামলাকারীদের পরিচয় কিংবা তাঁদের আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
দর্শনা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। তাঁর কাছে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা এক্সপ্রেস মেইল ট্রেনের জন্য সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল মালবাহী ট্রেনটি।
এ সময় কয়েকজন মুখোশধারী এসে চালক ও সহকারী চালককে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। তাঁদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ৪-৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে ভাঙচুরও করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৫২:২২ ১৫ বার পঠিত | ● কবির হোসেন ● দর্শনা রেলওয়ে জংশন ● নজরুল ইসলাম ● মালবাহী ট্রেনে ডাকাতি