ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঢাকা:দোহার উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১ হাজার ১৫ জন কৃষকের মধ্যে কৃষক কার্ডের আওতায় প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে এ অর্থ বিতরণ করা হয়।
দোহার উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দোহারের আটটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় প্রাথমিক পর্যায়ে প্রায় ৩২ হাজার ৫১৭ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় এনে এ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সুতারপাড়া ইউনিয়নের আটটি ওয়ার্ডের প্রায় ২ হাজার ৭৪৮ জন কৃষকের মধ্যে প্রাথমিকভাবে ১ হাজার ১৫ জনকে রবি মৌসুমে কৃষিকাজে সহায়তার জন্য ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন বলেন, উপজেলা কৃষি অফিসের জরিপের মাধ্যমে বিভিন্ন এলাকার প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে ৩২ হাজার ৫১৭ জন কৃষকের তালিকা চূড়ান্ত করে ব্যাংকে পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় সুতারপাড়া ইউনিয়নে প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ১৫ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড ও প্রণোদনার অর্থ বিতরণ শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে সরকারি কৃষিসেবা, কৃষি উপকরণ, প্রণোদনা ও বিভিন্ন সহায়তা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এতে কৃষকদের সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ তানভীর আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম মুহাম্মদ তাইবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি কাজী রুবেল, সাধারণ সম্পাদক রফিক কবিরাজ, সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কুব্বাত সওদাগর এবং যুবদল নেতা আব্দুল করিম বেপারী ও আব্দুল হান্নান প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪৪:০৪ ১৫ বার পঠিত | ● কৃষক প্রণোদনা ● দোহার কৃষক কার্ড ● বাংলাদেশ কৃষি ব্যাংক ● সুতারপাড়া ইউনিয়ন