ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
নারায়ণগঞ্জ: শহরের মাসদাইরে বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। মামলায় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
এ ঘটনায় কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারসহ এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন যুবলীগ নেতা মো. হাসান, সামসুজ্জামান জামান, সোহেল ও আব্দুল বারিক ইসলাম হৃদয়। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।
ওসি মাহবুব আলম বলেন, মাসদাইরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ, শ্রমিক লীগ নেতা শাহাদাৎ হোসেন সেন্টু, আব্দুর সাত্তার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী এবং ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম।
এজাহারে বলা হয়, রোববার রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকার গাবতলীতে আমেনা গার্মেন্টস-সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে অভিযুক্তরা হামলা চালান। এ সময় তাঁরা কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যান। ঘটনার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এন/আর
বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫৬ ৮ বার পঠিত | ● কাউসার আহমেদ পলাশ ● নারায়ণগঞ্জ বিএনপি কার্যালয়ে আগুন ● শফিকুল ইসলাম দেলোয়ার