ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দিনদুপুরে চাকরিজীবীর বাড়িতে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল

দিনদুপুরে চাকরিজীবীর বাড়িতে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


দিনদুপুরে চাকরিজীবীর বাড়িতে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল

গাজীপুর: কালীগঞ্জে এক চাকরিজীবীর বাড়িতে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ ৪০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালীগাঁও (চহিদার বাড়ী) এলাকায় মৃত আমির আলীর স্ত্রী সম্পা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সম্পা বেগম বাদী হয়ে সোমবার রাতে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর সম্পা বেগম ‘প্রাণ-আরএফএল গ্রুপে’ চাকরি করে জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিনের মতো সোমবার সকাল ৭টার দিকে তিনি বসতঘর ও প্রধান ফটকে তালা লাগিয়ে কর্মস্থলে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ শেষে বাড়ি ফিরে প্রধান ফটকের তালা খুলতে গিয়ে দেখেন, গেটটি ভেতর থেকে বন্ধ। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে একজন দেয়াল টপকে ভেতরে ঢুকে গেট খুলে দিলে তাঁরা দেখতে পান, বসতঘরের দরজার ছিটকিনি ভাঙা। ঘরের ভেতরে স্টিলের আলমারি ও কেবিনেটের তালা ভেঙে মালামাল তছনছ করা হয়েছে।

ভুক্তভোগী সম্পা বেগম জানান, চোরেরা আলমারির ড্রয়ারে রাখা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা এবং ২টি লকেটসহ ১ ভরি ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, ৩টি আংটি ও ১টি রিং নিয়ে গেছে। এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ অন্যান্য মালামালও চুরি হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার মিলিয়ে মোট ১০ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৭:১৪   ১৮ বার পঠিত  | ●   ●   ●