ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

গাজীপুর: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের জোর পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে। ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোজাম্মেল হক পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দেওয়া বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের শহরের পুরোনো টিনশেড বাড়ি। এর পাশেই তাঁর আটতলা একটি আলিশান ভবন রয়েছে, যা অক্ষত রয়েছে। আগুন দেওয়া বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৯:৫০   ১১ বার পঠিত  | ●   ●   ●