ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ফরিদপুরে ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

ফরিদপুর: ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাত সাড়ে ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। এ সময় দলটির কর্মী-সমর্থকেরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে মিছিল করেন। মিছিল থেকে হামিরদীতে অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরে সেখানে উপস্থিত ব্যক্তিরা রাজু মোল্লাকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে রাত ৮টার দিকে সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, রাজুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তখন তাঁদের কিছু করার ছিল না।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুলি অথবা ককটেলে তাঁর মৃত্যু হয়েছে। তবে এ মুহূর্তে দুটির কোনোটিই নিশ্চিত করে বলতে পারছেন না তিনি।

তিনি আরও বলেন, ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে রাত সাড়ে ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাজ করছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫০:০৫   ১০ বার পঠিত  | ●   ●   ●   ●