![]()
কুষ্টিয়া: একটি রাস্তা ঘিরে স্বপ্ন, প্রত্যাশা এবং একটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। সেই প্রত্যাশা পূরণে সরকার বিপুল অর্থ ব্যয় করে। কিন্তু পরিকল্পনা ও উন্নয়নকাজ শেষ হওয়ার পরও যদি সাধারণ মানুষ এর সুফল না পায়, তাহলে সেই উন্নয়নের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ব্রিজ-সংলগ্ন কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের একটি অংশ ঘিরে এমনই প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, সড়কটির সংস্কার ও প্রশস্তকরণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানও কাজের বিল গ্রহণ করেছে বলে জানা গেছে। কিন্তু সড়কের এক পাশে এখনো দাঁড়িয়ে রয়েছে বৈদ্যুতিক খুঁটি। ফলে সড়ক প্রশস্ত করা হলেও যানবাহন চলাচলের জন্য প্রত্যাশিত সুবিধা নিশ্চিত হয়নি। উল্টো খুঁটিটি যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
স্থানীয়দের প্রশ্ন, সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা গ্রহণের সময় বৈদ্যুতিক খুঁটির বিষয়টি কি বিবেচনায় নেওয়া হয়নি? যদি হয়ে থাকে, তাহলে কাজ শেষ হওয়ার আগেই খুঁটি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলো না কেন? আর বিষয়টি যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে না এসে থাকে, তাহলে পরিকল্পনা ও তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা কী ছিল?
একটি সড়ক নির্মাণ বা প্রশস্ত করতে সরকারি অর্থ ব্যয় হয়। এ ধরনের কাজে একাধিক দপ্তর, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকে। এতগুলো দায়িত্বশীল প্রতিষ্ঠান ও ব্যক্তির সম্পৃক্ততার পরও এমন দৃশ্যমান প্রতিবন্ধকতা কীভাবে রয়ে গেল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
সড়ক প্রশস্ত করার মূল উদ্দেশ্য যানবাহন চলাচল সহজ করা, জনদুর্ভোগ কমানো এবং এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন। অথচ বৈদ্যুতিক খুঁটি অপসারণ বা স্থানান্তরের উদ্যোগ না থাকায় সেই উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। ফলে সরকারি অর্থে সম্পন্ন উন্নয়নকাজের কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন পথচারী ও যানবাহনচালকেরা।
এ অবস্থায় এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় প্রশাসন দ্রুত সমন্বিত উদ্যোগ নিয়ে বৈদ্যুতিক খুঁটিটি নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করুক।
স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল কাদের বলেন, রাস্তা বড় করার পর তাঁরা ভেবেছিলেন, যানবাহন চলাচলে অনেক সুবিধা হবে। কিন্তু রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি রেখেই কাজ শেষ করা হয়েছে। এতে রাস্তা বড় হলেও পুরো সুবিধা পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত খুঁটিটি সরানোর দাবি জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। রাস্তা প্রশস্ত করার পরও বৈদ্যুতিক খুঁটির কারণে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কাজের পরিকল্পনা গ্রহণের সময়ই খুঁটি সরানোর বিষয়টি সমাধান করা উচিত ছিল বলে মনে করেন তিনি।
স্থানীয় বাসিন্দা মোছাঃ শামীমা খাতুন বলেন, সরকার জনগণের সুবিধার জন্য বিপুল অর্থ ব্যয় করে রাস্তা বড় করেছে। কিন্তু একটি বৈদ্যুতিক খুঁটির কারণে সেই উন্নয়নের সুফল পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি দেখছেন কি না, সে প্রশ্ন তুলে দ্রুত সমস্যার সমাধান দাবি করেন তিনি।
জনগণের অর্থে সড়ক প্রশস্ত হয়েছে, কিন্তু জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত হয়নি—এর দায়ভার নেবে কে?
উন্নয়ন শুধু সড়ক নির্মাণ বা প্রশস্ত করার মধ্যেই সীমাবদ্ধ নয়; সেই উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়াই প্রকৃত সাফল্য। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর প্রশ্ন, সড়কের এই প্রতিবন্ধকতা দূর করতে আর কত দিন অপেক্ষা করতে হবে?
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৩০:০৩ ২৪ বার পঠিত | ● কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়ক ● ভেড়ামারা পৌরসভা ● সড়ক প্রশস্তকরণ ● সড়কে বৈদ্যুতিক খুঁটি