![]()
পিরোজপুর: নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তার গ্রামের বাড়িতে হামলা চালানো হয়। একই দিন সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার আরেকটি বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তার অন্য বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে এসব হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় দুই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। খোঁজখবর নিয়ে বিষয়টি জানানো হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৩২:৩৬ ৪২ বার পঠিত | ● নাজিরপুরে বাড়িতে হামলা ● পিরোজপুরে অগ্নিসংযোগ ● শ ম রেজাউল করিম