![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে একটি পরিবারের। বংশগত দুরারোগ্য ব্যাধি সেরিবেলার অ্যাট্রোফিতে আক্রান্ত একই পরিবারের সাত সদস্য। চিকিৎসা, খাবার ও দৈনন্দিন জীবনের ন্যূনতম চাহিদা পূরণ করতে না পেরে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। উপার্জনক্ষম কোনো সদস্য না থাকায় অসুস্থদের দেখাশোনা ও সংসার চালানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আক্রান্তদের মধ্যে রয়েছেন আজিজুল হকের তিন ছেলে বেলাল উদ্দিন (৪৫), হেলাল উদ্দিন (৪২) ও আব্দুল জব্বার (৩৮), এবং মেয়ে সুমি খাতুন (৩০)। এ ছাড়া বেলালের মেয়ে রিয়া খাতুন (২৩), ছেলে আহমদ আলী (২৫) ও আব্দুল জব্বারের ছেলে সুমন আহমেদ (১৬) একই রোগে আক্রান্ত।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এই পরিবারের প্রথম আক্রান্ত ছিলেন আজিজুল হকের স্ত্রী মলিনা খাতুন। প্রায় ১২ বছর রোগভোগের পর ১৫ বছর আগে তিনি মারা যান। এরপর ধীরে ধীরে তাঁর সন্তান ও নাতি-নাতনিদের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিতে শুরু করে। পরিবারের সদস্যদের ভাষ্য, ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে পর্যায়ক্রমে আক্রান্ত হন মলিনা খাতুনের তিন ছেলে ও এক মেয়ে। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে তাঁরা এখন প্রায় সম্পূর্ণভাবে অন্যের ওপর নির্ভরশীল। চলাফেরা, খাওয়া-দাওয়া, এমনকি স্বাভাবিকভাবে কথা বলাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।
অসুস্থ বেলাল উদ্দিনের স্ত্রী নুরবানু বলেন, ‘আমার মেয়ে রিয়া তিন বছর ধরে অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী। তার চার বছরের নিচে তিনটি সন্তান রয়েছে। এদিকে আমার ২৫ বছর বয়সী বিদেশফেরত একমাত্র ছেলে আহমদ আলীও এই রোগে আক্রান্ত হয়েছে। আমাদের ঘরে খাবার থাকে না। এলাকাবাসী সাহায্য করলে খেতে পারি, না দিলে না খেয়েই থাকতে হয়।’
অসুস্থ আব্দুল জব্বারের স্ত্রী কেয়া খাতুন বলেন, ‘আমাদের জীবনে কোনো সুখ নেই। স্বামীর পর আমার ছেলে সুমনও ১০ বছর বয়সে এই রোগে আক্রান্ত হয়। এখন তার বয়স ১৬ বছর। পরিবারের উপার্জন করার মতো কেউ নেই। অসুস্থ স্বামী-সন্তানকে নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তায় দিন কাটে।’
পরিবারটির দেখাশোনার দায়িত্ব বর্তমানে পালন করছেন অসুস্থ রিয়ার স্বামী মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘রিয়ার সঙ্গে আমার ১০ বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের সাত বছর পর সে অসুস্থ হয়ে পড়ে। এখন তার চিকিৎসা ও পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে আমি অসহায় হয়ে পড়েছি।’
তিনি জানান, সর্বশেষ অসুস্থ আহমদ আলীকে চলতি নভেম্বর মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক মো. পারভেজ আমিনের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক সেরিবেলার অ্যাট্রোফি শনাক্ত করেন বলে পরিবারের দাবি। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, এ রোগের নিরাময়মূলক চিকিৎসা নেই। তবে উপসর্গ অনুযায়ী চিকিৎসা নেওয়া প্রয়োজন।
অসুস্থ আহমদ আলী বলেন, ‘মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রচণ্ড জ্বরের পর মাথা ভারী হয়ে আসে। এরপর থেকেই শরীরে সমস্যা শুরু হয়, কথা আটকে যায়। সেখানে অনেক টাকা খরচ করে চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো উন্নতি হয়নি। পরে রাজশাহীর চিকিৎসকও রোগটি শনাক্ত করেন। চিকিৎসার কোনো উপায় নেই শুনে আমি ভীষণ হতাশ হয়ে পড়েছি।’
বৃদ্ধ আজিজুল হক বলেন, ‘আমার পরিবারের সাতজন এই রোগে আক্রান্ত। এর আগে আমার স্ত্রীও একই রোগে মারা গেছে। তাদের চিকিৎসার জন্য সবকিছু বিক্রি করেছি, কিন্তু কোনো ফল পাইনি। প্রতিদিন দুই বেলা তাদের ময়লা কাপড় পরিষ্কার করতে হয়। এই বয়সেও সন্তানদের দেখাশোনা করছি। আমরা খুব কষ্টে আছি।’
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরামুল হক বলেন, আক্রান্তরা বংশগত কারণে সেরিবেলার অ্যাট্রোফিতে ভুগছেন। এ রোগ পুষ্টিহীনতা, ডায়াবেটিস ও জিনগত কারণে হতে পারে। তবে এই পরিবারের ক্ষেত্রে মূল কারণ জিনগত। রোগটি নিরাময়ের সম্ভাবনা নেই। আক্রান্তদের লক্ষণ অনুযায়ী চিকিৎসা ও পরিচর্যা প্রয়োজন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে। পরিবারটিকে এককালীন সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে সরেজমিনে দেখা করেছি। তাদের সহযোগিতায় প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব করা যায়, তা করা হবে।’
একদিকে বংশগত দুরারোগ্য ব্যাধি, অন্যদিকে দারিদ্র্য ও অসহায়ত্ব—সব মিলিয়ে পরিবারটির জীবন যেন থমকে গেছে। অসুস্থ স্বজনদের সেবা-যত্ন ও দুবেলা খাবারের নিশ্চয়তা নিয়েই প্রতিদিন লড়াই করছেন পরিবারের সদস্যরা। এখন সরকারি সহায়তা ও সমাজের বিত্তবান মানুষের মানবিক সহযোগিতাই তাঁদের বেঁচে থাকার প্রধান ভরসা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪৮ ৯ বার পঠিত | ● অসহায় পরিবার ● বংশগত দুরারোগ্য ব্যাধি ● ভেড়ামারা কুষ্টিয়া ● সেরিবেলার অ্যাট্রোফি