ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, আহত ২২

ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, আহত ২২


বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, আহত ২২

ঝালকাঠি: নলছিটিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া এলাকায় একটি ট্রলি উল্টে একজন নিহত ও দুজন আহত হন। পরে দুপুর ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ট্রলি ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা ব্যক্তিরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ফোরকান গাজী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ঝালকাঠির মরতুজা গাজীর ছেলে। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

অন্যদিকে, দুপুরে দপদপিয়া এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৈরী আবহাওয়ায় সড়কের বাঁকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাস দুটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। দুই বাসের চালক ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুটি দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলি উল্টে একজন এবং বাসের সংঘর্ষে আরেকজন নিহত হয়েছেন। নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২৫   ১৪ বার পঠিত  | ●   ●   ●