ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু


রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ: এনায়েতপুরে ছুরিকাঘাতে আহত আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় তার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বেপারীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে আশরাফ আলী গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে ২০ থেকে ৩০ জনের একটি দল সেখানে এসে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধরের পাশাপাশি পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। হামলাকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই মো. রেজাউল অভিযোগ করে জানান, তার ভাই দোকানে বসে থাকা অবস্থায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেলে করে এসে হামলা চালান। তার ভাইকে মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তার ভাই হামলাকারীদের কয়েকজনের নাম বলে গেছেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৩৯   ৩০ বার পঠিত  | ●   ●   ●   ●