ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
গাইবান্ধা: গোবিন্দগঞ্জে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার। এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখিসুখী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রীমল হাশদা (২২) দুখিসুখী গ্রামের বঙ্গর হাশদার ছেলে। অপর নিহত জহুরুল ইসলাম সবুজ (৪৫) কালাই উপজেলার ভেবেন্তি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুখিসুখী গ্রামের এক বৃদ্ধার বাড়ি থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িতে জহুরুল ইসলাম একাই থাকতেন। বাড়িটিতে মোবাইল ফোনের নেটওয়ার্ক ভালো পাওয়া যেত বলে তিনি নিয়মিত সেখানে যেতেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়িটিতে যান। জহুরুলের কাছ থেকে টাকা ধার নিতে সেখানে যান সাঁওতাল যুবক শ্রীমল হাশদা। একপর্যায়ে জহুরুলের মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে তিনি সেটি চার্জে দেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে শ্রীমলও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ উদ্ধার করে বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩১:০৪ ১৫ বার পঠিত | ● গাইবান্ধা ● গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ● জহুরুল ইসলাম সবুজ ● শ্রীমল হাশদা