ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: চাটমোহর পৌর সদরের কেন্দ্রীয় শ্রীশ্রী হরিসভা মন্দিরের ১৪৩তম বার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন।
বুধবার বিকেলে মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, সনাতন ধর্মসভা, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। সনাতন ধর্মসভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান, সুনীতি কুমার মন্ডল (সুনীল), ওসি (তদন্ত) লালবুর রহমান, অ্যাডভোকেট আজিজা তামান্না স্বর্ণা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক চক্রবর্তী, হরিসভা মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয়দেব কুন্ডু গনো, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য প্রমুখ।
উৎসব উপলক্ষে হরিসভা মন্দির ও আশপাশের সড়কগুলোতে তোরণ নির্মাণ করা হয়েছে। সাজানো হয়েছে আলোকসজ্জায়। এ ছাড়া মেলা ও আনন্দবাজারে মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, সনাতন ধর্মসভা, মঙ্গলঘট স্থাপন, শুভ অধিবাস এবং শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন। আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, মহাপ্রসাদ বিতরণসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই দিনই ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও রাধা-গোবিন্দের লীলা কীর্তনের সমাপ্তি ঘটবে।
অধিবাস কীর্তন পরিচালনা করবে পূর্ণিমা সম্প্রদায় (গোলাপীনগর, নাটোর)। নামযজ্ঞের সুধা পরিবেশন করবে ব্রজের কানাই সম্প্রদায় (পিরোজপুর), সোনার গৌর সম্প্রদায় (সাতক্ষীরা), শ্রী নন্দন সম্প্রদায় (গোপালগঞ্জ), আদি পাগল সম্প্রদায় (বরিশাল), মহামায়া সম্প্রদায় (বরিশাল) ও নব অঞ্জলী সম্প্রদায় (গোপালগঞ্জ)।
শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করবেন শ্রী উত্তম কুমার সাহা (বগুড়া), মিতা মণ্ডল (নদীয়া, ভারত), শুকদেব অধিকারী (পাগলা, রাজবাড়ী), সৈকত ঘোষ (মেদিনীপুর, সিরাজগঞ্জ) ও মেঘমালা বৃষ্টি (বগুড়া)।
চাটমোহর কেন্দ্রীয় শ্রীশ্রী হরিসভা মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয়দেব কুন্ডু গনো ও সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য উৎসবে সব ভক্তের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:১৩:৫৮ ১৬ বার পঠিত | ● চাটমোহর হরিসভা মন্দির ● রাধা-গোবিন্দের লীলা কীর্তন ● সনাতন ধর্মসভা ● ৪০ প্রহর মহানামযজ্ঞ