ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কাউখালী উপজেলায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উপজেলার ওপর দিয়ে যাওয়া বরিশাল-খুলনা মহাসড়ক, বেকুটিয়া সেতু, আমরাজুড়ী ফেরিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার স্বার্থে পাহারা বসিয়েছে প্রশাসন, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কাউখালী থানা পুলিশ। অভিযানে উপজেলার কুমিয়ান এলাকা থেকে আমরাজুড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, শ্রমিক লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জহির উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাতে আমরাজুড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে দেয়ালে ‘জয় বাংলা’ লিখে উসকানি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর ছাত্রলীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, জননিরাপত্তার স্বার্থে উপজেলার সব গুরুত্বপূর্ণ স্থানে থানা পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৫৫:৩০ ১৫ বার পঠিত | ● আওয়ামী লীগের লকডাউন ● কাউখালী পিরোজপুর ● নাশকতার পরিকল্পনা ● মোঃ জহির উদ্দিন