ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর:বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপি, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে শ্রমিকরা মাওনা চৌরাস্তার দিকে রওনা হন। এ সময় মহাসড়কসংলগ্ন আরও কয়েকটি কারখানার শ্রমিক তাদের আন্দোলনে যোগ দেন। মিছিল নিয়ে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণের পর তারা মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে লাঠিসোঁটা হাতে অবস্থান নেন।
পরে পুলিশ ও আনসার সদস্যরা সেখানে গেলে শ্রমিকরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় গিয়ে বিক্ষোভ ও মিছিল করতে থাকেন। তখনও তাদের হাতে লাঠিসোঁটা ছিল। আনসার সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেন। তবে সেই অনুরোধ উপেক্ষা করে শ্রমিকরা এগিয়ে আসতে থাকলে আনসার ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।
এতে শ্রমিকদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা শুরু করেন। একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। লাঠিপেটায় বেশ কয়েকজন শ্রমিক সামান্য আহত হন।
অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় হাজারো শ্রমিক দুর্ভোগে পড়েন। এ ছাড়া মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা টায়ারে আগুন দেন। পরিস্থিতি বিবেচনায় আশপাশের বেশ কয়েকটি কারখানার কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেছে।
পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা বিচ্ছিন্নভাবে সড়ক-মহাসড়ক অবরোধ করছেন। এক স্থান থেকে সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে অবরোধ করছেন। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবরোধ করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বেলা ১১টার দিকে শ্রমিকরা হঠাৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় অবরোধ করলে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৬:২৯:৪৪ ১৪ বার পঠিত | ● গাজীপুর শ্রমিক আন্দোলন ● ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ● বেতন বৃদ্ধির দাবি ● মাওনা-শ্রীপুর সড়ক