ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঢাকা:এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে গতকাল বুধবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। তাদের দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি গোটা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
আজ বৃহস্পতিবার এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত তিনটার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে। মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় করে এসে মজিবুর রহমান মঞ্জুর পার্ক করা গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে উঠলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে এর আগেই গাড়িটির একাংশ পুড়ে যায়।
এক যৌথ বিবৃতিতে এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন, সন্ত্রাসবাদ এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। আগুন-সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিবাদীরা আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫৬:৪৪ ২১ বার পঠিত | ● এবি পার্টি ● বিজয়নগরে গাড়িতে অগ্নিসংযোগ ● মজিবুর রহমান মঞ্জু