![]()
গাজীপুর: আগের তুলনায় দেশে বাল্যবিবাহের হার অনেক কমেছে এবং মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। তিনি বলেছেন, সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে সমাজ থেকে ধীরে ধীরে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব হবে।
প্রশাসনের উদ্যোগে কোনো নাবালিকার বিয়ে বন্ধ করার পর পুনরায় বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের নজর রাখতে হবে। কোনো নিকাহ রেজিস্ট্রার সরকারি রেজিস্ট্রারের বাইরে অন্য কোনো খাতা বা রেজিস্টার ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে বেআইনিভাবে নোটারি কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহ সম্পন্ন করার সঙ্গে জড়িত আইনজীবীদেরও আইনের আওতায় আনা হবে।
এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, বিবাহ নিবন্ধক ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও এটিএম কামরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম আদনাম নোমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহিনুর বেগম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আইউব বাগমার, নিকাহ রেজিস্ট্রার, অন্যান্য ধর্মের বিবাহ নিবন্ধকসহ উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মনোনীত সদস্যরা।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:১১:৩১ ১৫ বার পঠিত | ● এটিএম কামরুল ইসলাম ● কালীগঞ্জ ● বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি