ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের

দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের

নারায়ণগঞ্জ: দুই দফা জাল ছিঁড়ে উদ্ধারকারীদের ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া কুমিরটি অবশেষে ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তৃতীয় দফায় জাল ফেলে কুমিরটিকে আটক করতে সক্ষম হয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্ধারকারী দল।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

কুমির উদ্ধারে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে যৌথ অভিযান শুরু করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। প্রথম ও দ্বিতীয় দফায় পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরার চেষ্টা করা হলেও প্রতিবারই জাল ছিঁড়ে বেরিয়ে যায় সেটি। পরে তৃতীয় দফায় জাল ফেলে কুমিরটিকে আটকে ফেলেন উদ্ধারকারীরা। দীর্ঘ চেষ্টার পর কুমিরটি ধরা পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দরের তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমিরটির দেখা পান স্থানীয় লোকজন। পরে কুমিরটি পাশের অন্য একটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়। খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালান। তবে কুমিরটির অবস্থান নিশ্চিত করতে না পারায় ওই অভিযান ব্যর্থ হয়।

প্রায় দুই মাস পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে কুমিরটির দেখা মেলে। কুমিরের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে পুকুরপাড়ে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। পরে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে কুমির উদ্ধারে অভিযান শুরু হয়। দুই দফা ব্যর্থতার পর তৃতীয় চেষ্টায় কুমিরটি ধরা পড়ায় স্থানীয়দের দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৫:৩২   ১৩ বার পঠিত  | ●   ●   ●