ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » যাদের জিহ্বায় রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী

যাদের জিহ্বায় রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


নড়াইলে নিহত বিএনপি নেতাদের কবর জিয়ারত করে যা বললেন রিজভী

নড়াইল: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যাদের জিহ্বায় রক্তের স্বাদ লেগেছে, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে।

শুক্রবার সকালে নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপি নেতা শাহীন মোল্যা ও সোহেলের কবর জিয়ারত করেন রিজভী। পরে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চাওয়া আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েও পার্শ্ববর্তী দেশ থেকে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করা এ দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত এখনো ঝরাচ্ছে ফ্যাসিবাদের অনুসারীরা।

তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি লড়াই করেছে। সেই লক্ষ্য সামনে রেখেই দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ দেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো স্ত্রী যেন স্বামীহারা না হন, কোনো বোন যেন ভাইহারা না হন—সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছেন তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, জেলা পরিষদের প্রশাসক ও নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮:১৬:০৯   ২৫ বার পঠিত  | ●   ●   ●   ●