![]()
পাবনা: চাটমোহর উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত এক সপ্তাহে অন্তত পাঁচটি বিল ও জলাশয়ে এ ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৎস্যচাষি ও জলাশয়ের মালিকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী আফরার বিলে কে বা কারা বিষ প্রয়োগ করে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন বিলে মরা মাছ ভাসতে দেখেন।
এলাকাবাসী জানান, পুরো বিলের মাছ মরে পানিতে ভেসে উঠেছে।
এদিকে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নলগাড়ি বিলে শাহপুর গ্রামের আয়াত আলীর ছেলে বাবলু মিয়ার এক একর জলাশয়ে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে বাবলুর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি চাটমোহর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
এ ছাড়া উপজেলার কিনু সরকারের জোলা, ডিকশি বিল, বগা বিলসহ বিভিন্ন বিল ও জলাশয়ে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মৎস্যচাষি ও জলাশয়ের মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, প্রতি বছর এসব বিল ও জলাশয়ে প্রাকৃতিকভাবেই দেশীয় মাছ উৎপাদিত হয়। জলাশয় কিংবা বিলের ডোবার মালিকরা মাছগুলো সংরক্ষণ করেন। পরে বাজারে বিক্রি করে দেশীয় মাছের চাহিদা পূরণ করেন।
তিনি বলেন, এভাবে মাছ নিধন কারও কাম্য নয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করা দরকার। এ বিষয়ে জনগণকে সচেতন হতে হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৭:১৮ ২০ বার পঠিত | ● চাটমোহর ● পাবনা ● বিল-জলাশয়ে বিষ প্রয়োগ ● মাছ নিধন