![]()
ভোলা: চরফ্যাসনের আছলামপুর বাজারের সড়ক ও স্থানীয়দের বসতবাড়ির পাশে করাতকল স্থাপন করায় বিপাকে পড়েছেন ওই গ্রামের কয়েকটি পরিবারের সদস্যরা। বাজারের সড়কজুড়ে গাছ ফেলে রাখায় ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। করাতকলের ধুলায় বাজারের ব্যবসায়ী ও বসতবাড়ির বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন। ধুলিকণার কারণে ওই গ্রামের শিশু ও বৃদ্ধরাও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম ব্যাপারীর করাতকলটি আছলামপুর বাজারের ওপর স্থাপন করা হয়েছে। এ ছাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কের পাশজুড়ে ছোট-বড় গাছের স্তূপ রাখায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় এসব অবৈধ করাতকল স্থাপন করেও বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট মালিকেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কসংলগ্ন ও বসতবাড়ির পাশে করাতকল স্থাপন করায় মালিকেরা সড়কজুড়ে গাছের স্তূপ করে রাখছেন। ফলে করাতকলের ধুলায় বসতবাড়ির বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন। এ ছাড়া গাছের স্তূপের কারণে বসতবাড়ির বাসিন্দা ও স্কুলগামী শিশুদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। প্রশাসনের কাছে বাজারের ব্যবসায়ীরা একাধিকবার অভিযোগ জানালেও কোনো প্রতিকার মেলেনি। ফলে করাতকলের কারণে বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন।
প্রভাবশালী ইব্রাহিম ব্যাপারীর মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।
উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবদুস সালাম জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় করাতকল স্থাপনের নিয়ম নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমনা আফরোজ জানান, অবৈধ করাতকল স্থাপন দণ্ডনীয় অপরাধ। অচিরেই এসব করাতকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৪:২২:০০ ১৯ বার পঠিত | ● অবৈধ করাতকল ● আছলামপুর বাজার ● ইব্রাহিম ব্যাপারী ● চরফ্যাশন ভোলা