ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পার্বতীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

পার্বতীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


পার্বতীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

দিনাজপুর: পার্বতীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় মানতাশা আরফিন মেঘলা (৩৪) নামে মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (২০ নভেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর থানার পৌরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চাঁদনগর মহল্লার ভাসানী রোডে অবস্থিত হাসিনা মঞ্জিলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মানতাশা আরফিন মেঘলা দিনাজপুরের পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের মৃত ডিএম মাসুদুর রহমানের মেয়ে। তিনি পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মুন্নি বেগম তার ছেলে আবির নবি দোয়াদসহ পূর্বঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন। এ সময় মামলার আসামিরা প্রায় ৭০ জন অজ্ঞাত ব্যক্তিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে সেখানে আসেন।

তারা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া, প্রাণে মেরে ফেলা এবং লাশ গুম করার হুমকি দেন। আন্দোলনকারীরা এর প্রতিবাদ করলে আসামিরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালান। এ সময় বাদী ও তার ছেলেকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়। পরে আসামিরা বাদীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনায় বাদী হাসপাতালে চিকিৎসা নিয়ে মামলা করেন। ওই মামলায় মানতাশা আরফিন মেঘলাকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:০৫:৪৯   ১৮ বার পঠিত  | ●   ●   ●   ●