ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » কীর্তি সুরেশের সঙ্গে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

কীর্তি সুরেশের সঙ্গে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়


বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


কীর্তি সুরেশের সঙ্গে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশের নতুন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’ ঘিরে দর্শকদের মধ্যে প্রত্যাশা ছিল অনেক। তবে সিনেমার প্রচারণায় গিয়ে এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা হয়তো ভাবেননি অভিনেত্রী। এবার সিনেমার প্রচারণার একটি ভিডিও ঘিরেই বিতর্কের মুখে পড়েছেন তিনি।

আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল ২০ নভেম্বর মুক্তি পেয়েছে কীর্তি সুরেশ অভিনীত তামিল সিনেমা ‘সত্যবান সাবিত্রী’। তবে সিনেমার আলোচনা ছাপিয়ে এখন প্রচারণার সময় অভিনেত্রীকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে নেতিবাচক আলোচনা চলছে। এ ঘটনার কেন্দ্রে রয়েছেন অভিনেতা মিস্কিন, যিনি সিনেমাটিতে কীর্তির সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার চেন্নাইয়ে সিনেমাটির প্রচারণার একটি ভিডিও ইতোমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কীর্তির প্রশংসা করার সময় তাঁর কোলে ও পায়ের ওপর বারবার স্পর্শ করছেন মিস্কিন। ওই সময় অভিনেত্রীকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে বলে দাবি করেছেন অনেক নেটিজেন। ভিডিওটি পোস্ট করে এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী কেন এমন অস্বস্তি বোধ করছিলেন?

এক্সে ওই নেটিজেন লেখেন, ‘একজন পুরুষ সামান্য স্পর্শ করতেই তিনি এত অস্বস্তিতে পড়লেন কেন? অথচ ছবির দৃশ্যে যখন অনেক কিছু ঘটে, তখন কি তাঁর এমন অস্বস্তি হয়? তাঁর মুখের অভিব্যক্তিটা দেখার মতো।’

তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অধিকাংশ নেটিজেন কীর্তির পাশে দাঁড়িয়েছেন। তাঁদের একজনের মন্তব্য, ‘সিনেমার দৃশ্যে স্পর্শ করা পেশাগত কাজের অংশ। এখানে বিষয়টি যৌন হেনস্থার মতো মনে হচ্ছে।’

এমন অসংখ্য মন্তব্যে সরব হয়ে উঠেছে সমাজমাধ্যম। তবে এত আলোচনা-সমালোচনার মধ্যেও ছড়িয়ে পড়া ভিডিও ও নেটিজেনদের মন্তব্য নিয়ে এখন পর্যন্ত কীর্তি কিংবা মিস্কিন—কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি।

প্রসঙ্গত, ‘সত্যবান সাবিত্রী’ সিনেমাটি চলতি বছরের জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা ছিল। পরে মুক্তির তারিখ পিছিয়ে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়। ফলে তামিল সিনেমার বক্স অফিসে এখন একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘সত্যবান সাবিত্রী’ এবং ধানুষ-সাই পল্লবী অভিনীত ‘ওম’। শেষ পর্যন্ত কোন সিনেমা বক্স অফিসে সাফল্যের দেখা পায়, সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ২৩:১৩:০৩   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●