![]()
ঢাকা:দোহারে প্রধান শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান বা সংবর্ধনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে।
দোহারের একটি অনলাইন পোর্টাল ‘পথে-প্রান্তরে’সহ একাধিক ফেসবুক আইডি থেকে প্রায় ৮৭ বছরের পুরোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিষ্ঠানটি দোহার পৌরসভার অন্তর্ভুক্ত জয়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিদায়ী অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল এ অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
জানা যায়, দীর্ঘ ২৬ বছর শিক্ষকতা শেষে আগামী ২৯ ডিসেম্বর, মঙ্গলবার, বিদ্যালয়ের কার্যালয়ে প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিদায়ী সংবর্ধনা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের এসএমসি পরিচালনা পর্ষদ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বিদ্যালয়ের রেজুলেশন বহিতে আসন্ন বিদায়ী অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সভাপতি ও সব সদস্য উপস্থিত থেকে স্বাক্ষর করেন। সভায় উপস্থিত সবাই চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেন।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা সদস্য ও পরিচালনা কমিটির সভাপতি ইভু চৌধুরী, সহসভাপতি শাহের উদ্দিন, শিক্ষানুরাগী রাবেয়া আক্তার, অভিভাবক সদস্য শাকিল আহমেদ, আব্দুল হাকিম, আফসানা আক্তার ও রুনা আক্তার।
এ ছাড়া শিক্ষার্থীদের শতাধিক অভিভাবক ওই রেজুলেশন বহিতে গণস্বাক্ষর করেন।
অভিযোগ রয়েছে, অনুষ্ঠানটি বাধাগ্রস্ত করতে একটি মহল অনলাইনে মিথ্যা সংবাদ প্রকাশ করে অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে প্রতিষ্ঠানের শিক্ষক ও শতাধিক অভিভাবক প্রতিবাদ ও বিক্ষোভে অংশ নেন।
এ ঘটনায় রোববার দুপুরে শিক্ষক ও অভিভাবকেরা তাৎক্ষণিকভাবে প্রতিকার চেয়ে উপজেলা পরিষদে যান। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভীনের কাছে অভিযোগ জানান।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম উপস্থিত সবাইকে শান্ত করেন এবং বিষয়টি দেখার আশ্বাস দেন।
এ বিষয়ে জয়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে তিনি দোহারের পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠানগুলো হলো মইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পালমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাটা-১ ও ঘাটা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সর্বশেষ জয়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তিনি বলেন, আগামী ২৯ ডিসেম্বর, মঙ্গলবার, তাঁর শেষ কর্মদিবস। ওই দিনই বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবকেরা তাঁর বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছেন। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদ্যালয়ের সহসভাপতি মো. শাহের উদ্দিন বলেন, একটি কুচক্রী মহল তাঁদের সফলতাকে কলঙ্কিত করতে কয়েকটি অনলাইন মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করছে। তবে তাঁরা সবাই ঐক্যবদ্ধ আছেন।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি চক্র বিষয়টি নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩২:৫৩ ৪ বার পঠিত | ● জয়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ● দোহার ● প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ● মো. জাহাঙ্গীর আলম