ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে

হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে


রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে

নাটোর: নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধারের পর বাঁচানোর আশায় নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসা দিয়েও শিশুটিকে বাঁচানো যায়নি। রোববার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরে ফেরার পথে সড়কের পাশে সাদিপ হোসেন (৩ বছর ৬ মাস) নামে এক শিশুকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। এ সময় তিনি গাড়ি থামিয়ে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বুঝতে পারেন। পরে দ্রুত শিশুটিকে নিজের গাড়িতে তুলে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও।

হুইপ দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষ করে নাটোরে ফেরার পথে শাখারিপাড়ায় সড়কের পাশে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর বুঝতে পেরে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান।

নাটোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, পুকুরের পানিতে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হলে সঙ্গে সঙ্গেই চিকিৎসা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:৫২   ১১ বার পঠিত  | ●   ●   ●