ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে প্রতারণা, কাউখালীতে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে প্রতারণা, কাউখালীতে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


 প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে প্রতারণা, কাউখালীতে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

পিরোজপুর: কাউখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় আটক তিনজনকে সোমবার (২৩ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (২২ নভেম্বর) রাতে প্রতারক চক্রের খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা ধাওয়া করে চক্রটির তিন সহযোগীকে আটক করেন। পরে তাঁদের কাউখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আসপদ্দি গ্রামের শতাধিক মানুষসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে টাকা নিয়ে চক্রটির মূল হোতারা উধাও হয়ে গেছেন। প্রতারক চক্রের মূল হোতা হিসেবে শাকিল আহমেদের নাম উঠে এসেছে। তিনি নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিতেন। অসহায় মানুষের কাছে সাড়ে ৩ হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখান তিনি।

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে চক্রটি এলাকাবাসীর আস্থা অর্জন করে। সেই আস্থাকে কাজে লাগিয়ে পরে বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৩০ লাখ টাকার বেশি হাতিয়ে নেয় চক্রটি। তবে মূল হোতার প্রধান সহযোগী ফাহিমা ঘটনার এক দিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

রবিবার রাতে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ধাওয়া করে চক্রটির তিন সহযোগীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আসপদ্দি গ্রামের একই পরিবারের সদস্য আজহার মোল্লা, নাজমা বেগম ও রাব্বি মোল্লা।

ঘটনা জানাজানি হওয়ার পর শত শত ভুক্তভোগী কাউখালী থানায় ভিড় করেন। এ সময় অর্ধশতাধিক নারী থানায় এসে অভিযোগ জানান। প্রতারণার শিকার হয়ে তাঁদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগীদের অধিকাংশই দিনমজুর হলেও প্রতারিত ব্যক্তিদের তালিকায় স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন। থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের ভাষ্যমতে, ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন মালামালের জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, এই চক্রকে ধাওয়া করে আটক করা হয়েছে, তবে মূল হোতা পালিয়ে গেছেন। দ্রুত তাঁকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি প্রতারক চক্র সুকৌশলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ফ্যামিলি কার্ড, টিউবওয়েল ও ঘর দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

খবর পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার থানায় উপস্থিত হন। তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগীদের বক্তব্য শোনা হয়েছে। বিএনপি নেতাদের হাতে আটক তিনজনকে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় প্রতারণার অভিযোগে সাতজনকে নামীয় আসামি এবং আরও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও জানান, সোমবার (২৩ নভেম্বর) আটক তিন আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। পলাতক মূল হোতাসহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১৮   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●