![]()
বরগুনা: আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা। রোববার সকাল ১১টার দিকে পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনের লেকটির সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান এ প্রকল্পের দরপত্র আহ্বান করেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে কাজটির দায়িত্ব হাতবদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা।
২০২৪ সালের ২৫ অক্টোবর আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম কাজটির উদ্বোধন করেন।
ঠিকাদারের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান তাঁর কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছিলেন। চাহিদামতো ঘুষ না দেওয়ায় তিনি ঠিকাদারকে বিভিন্নভাবে হয়রানি করছেন এবং কাজটি সঠিকভাবে বাস্তবায়নে বাধা দিচ্ছেন। এ অভিযোগে ঠিকাদার শেখ নোমান রেজা গত ১৯ নভেম্বর দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পর দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাসের নেতৃত্বে একদল কর্মকর্তা রোববার সকাল ১১টার দিকে আমতলী পৌরসভার সামনে অভিযান চালান। এ সময় এক লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করা হয়। আটকের পর দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।
ঠিকাদার শেখ নোমান রেজা অভিযোগ করে বলেন, ‘আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান একজন দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার। কাজের শুরু থেকেই তিনি ঘুষের টাকার জন্য বিভিন্নভাবে আমাদের হয়রানি করে আসছেন। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ে অভিযোগ করি। আজ অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।’
দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, ‘অভিযোগের পর রোববার আমরা আমতলীতে অভিযান পরিচালনা করি। এ সময় ঘুষের এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে পৌরসভার সামনে থেকে সকাল ১১টার দিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলার পর রোববার দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, দুদক পটুয়াখালীর কর্মকর্তারা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করে থানায় সোপর্দ করেছেন। সোমবার সকালে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩৭:৪২ ৪ বার পঠিত | ● আমতলী পৌরসভা ● ঘুষের এক লাখ টাকা ● দুদকের অভিযান ● মো. রুবেল খান