ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় মা ও তাঁর দুই মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে নবীনগর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলার ইব্রাহিমপুর গ্রামের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোমবার (২৩/১১) আহত মৌসুমি বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মৌসুমি নবীনগর পৌরসভার পশ্চিমপাড়ার বাসিন্দা। তবে পার্শ্ববর্তী বাড়ির মালিক নুরুল ইসলাম অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মৌসুমি বেগমের মা রেজিয়া বেগমের নামে ইব্রাহিমপুর গ্রামের গজারিয়া এলাকায় কেনা ৯ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছ রয়েছে। গত রোববার (২২/১১) সন্ধ্যায় ওই জমির পাশের বাড়ির লোকজন গাছ কেটে নিয়ে যাচ্ছেন—এমন খবর পেয়ে মৌসুমি তাঁর মা ও এক বোনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং গাছ কাটতে বাধা দেন।
এ সময় পার্শ্ববর্তী বাড়ির মেরাজুল ইসলাম (৩০), নুরুল ইসলাম (৫৮), বাবুল মিয়া (৪৫), বিথী বেগম (২৫), নাজমা বেগম (৫৫) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁরা আহত হন এবং শ্লীলতাহানির শিকার হন।
মৌসুমি বলেন, “অভিযুক্ত মেরাজ আমাকে মারধর করতে করতে আমার পরনের কাপড় ছিঁড়ে ফেলেন। সম্ভ্রম রক্ষায় আমার চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারী এগিয়ে এসে তাঁদের বাড়ি থেকে আমাকে কাপড় দেন।” পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে পার্শ্ববর্তী বাড়ির মালিক নুরুল ইসলাম বলেন, “যে দাগে রাজিয়া ৯ শতক সম্পত্তি তাঁর বলে দাবি করছেন, সেটি তাঁর সম্পত্তি নয়। এটি আমার সম্পত্তি এবং আমি ভোগদখলে আছি। তাঁদের সম্পত্তি অন্য দাগে। আমি এই দলিল বাতিলের জন্য আদালতে মামলা করেছি। মামলাটি চলমান রয়েছে। হামলার কোনো ঘটনাই ঘটেনি। মিথ্যা সাজানো কাহিনি বানিয়ে অভিযোগটি করা হয়েছে।”
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩৫:১৩ ৩ বার পঠিত | ● ইব্রাহিমপুরে হামলা ● গাছ কাটার প্রতিবাদ ● নবীনগর ● শ্লীলতাহানির অভিযোগ