ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
পিরোজপুর: কাউখালীতে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি। রবিবার (২২ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।
পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং লিয়াকত হোসেন। বক্তারা যেকোনো ধরনের অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যকর কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করার অঙ্গীকার করেন। একই সঙ্গে জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
পথসভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, যেকোনো মূল্যে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের অপচেষ্টা রুখে দেওয়া হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, “উন্নয়ন ও স্থিতিশীলতার ধারা ব্যাহত করতে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউখালীসহ পিরোজপুর-২ আসনের মানুষের শান্তি ও সার্বিক উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩৭ ২ বার পঠিত | ● অগ্নিসন্ত্রাস ও নাশকতা ● আহমেদ সোহেল মঞ্জুর ● কাউখালী উপজেলা বিএনপি ● পিরোজপুর-২