ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: প্রকাশ্যে মাদক সেবনের সময় এক যুবককে হাতেনাতে আটক করেছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ পারভেজ (২৪)। তিনি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ বাদশার ছেলে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সাতবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাতের নেতৃত্বে অভিযানে প্রশাসনের সঙ্গীয় দল ও ভেড়ামারা থানা পুলিশ অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ একটি ওয়ার্কশপে কাজ করতেন। দীর্ঘদিন ধরে তিনি প্রকাশ্যে মাদক সেবন করে আসছিলেন। তাঁর মাদকাসক্তির কারণে পরিবারেও অশান্তি সৃষ্টি হচ্ছিল বলে জানা গেছে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সাতবাড়িয়া এলাকার একটি টিনের ঘরে মাদক সেবনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনের অভিযোগের সত্যতা পাওয়ায় পারভেজকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাদকাসক্ত একজন ব্যক্তি শুধু নিজেকেই নয়, পুরো পরিবারকেও ক্ষতিগ্রস্ত করতে পারেন। মাদকের কারণে পরিবারের শান্তি ও স্বাভাবিক জীবন ব্যাহত হয়। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:১৭:৪৬ ১৮ বার পঠিত | ● পারভেজ ● ভেড়ামারা মাদকবিরোধী অভিযান ● মোঃ আমিরুল আরাফাত