ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে ছয়টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের ধারাবাহিক লুটপাট, অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করা এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, রুপা, ল্যাপটপ, মুঠোফোনসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল লুট হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম দফায় গত শুক্রবার দিবাগত রাত দুইটা থেকে চারটার মধ্যে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা, কদমতলী ও পাঁচআনি চক এলাকায় চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
প্রথমে শম্ভুপুরা গ্রামের জহিরুল ইসলামের বাড়িতে হানা দেয় মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা। এ সময় নগদ ৩৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, দুটি মোবাইল, ১২ আনা স্বর্ণালংকারসহ মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
এরপর একই কায়দায় কদমতলী এলাকার ইয়াছিন মিয়ার বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। সেখান থেকে এক ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায় তারা।
পরে পাঁচআনি চক এলাকার আব্দুল আমিনের বাড়ি থেকে নগদ ১৯ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার লুট করে সশস্ত্র ডাকাত দল। একই এলাকার জামাল হোসেনের বাড়িতেও হানা দেয় তারা। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে জামালকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর বাড়ি থেকে এক ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। আহত জামালকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এর কয়েক দিনের ব্যবধানে গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত তিনটা থেকে পৌনে চারটার মধ্যে উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে আরও দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারগুলোর তথ্য অনুযায়ী, মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে ভৈরবদী প্রাথমিক বিদ্যালয়ের পাশে জামাল উদ্দিনের বাড়িতে হানা দেয়। টিনের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে তারা। এ সময় ঘরে থাকা নগদ ৪৫ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, পাঁচ ভরি রুপা ও দুটি মোবাইল লুট করে নিয়ে যায়।
এরপর একই এলাকার আমানউল্লাহ আমানের বাড়িতে হানা দেয় ডাকাত দল। সেখানে আমানের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারি থেকে নগদ ৭০ হাজার টাকা, আনুমানিক চার ভরি রুপা, একটি স্মার্টফোনসহ মূল্যবান আসবাবপত্র লুট করে পালিয়ে যায় তারা।
এক সপ্তাহের ব্যবধানে উপজেলার দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছয়টি বাড়িতে ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে গভীর রাতে সংঘবদ্ধভাবে বাড়িতে প্রবেশ, পরিবারের সদস্যদের বেঁধে মারধর এবং অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:১০:৪৮ ১৩ বার পঠিত | ● আড়াইহাজারে ডাকাতি ● উচিতপুরা ইউনিয়ন ● খাগকান্দা ইউনিয়ন ● নারায়ণগঞ্জে ডাকাতি