ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল বেপারীর বিরুদ্ধে। এ ঘটনায় বাবা ও ছেলেরা হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত ছেলে নুরনবী (৩৫) লালমোহন হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া বাজারের স্কুল রোডে রাস্তার পাশে জেলা পরিষদের জায়গায় ডিসিআর নিয়ে দোকানঘর নির্মাণ করে প্রায় ৪০ বছর ধরে ভোগদখল করে আসছেন মো. আলমগীর মুন্সি (৬০)। স্থানীয়দের কাছে তিনি ঘড়ির মেকার হিসেবে পরিচিত।
আলমগীর মুন্সি জানান, জেলা পরিষদ থেকে বরাদ্দ নিয়ে ওই জায়গায় দোকানঘর নির্মাণ করে প্রায় ৪০ বছর ধরে ঘড়ি মেরামতের কাজ করছেন তিনি। দোকানঘরটি পুরোনো হয়ে হেলে পড়ায় গত রোববার (২২ নভেম্বর) সকালে সেটি মেরামতের কাজ শুরু করেন। বেলা ১২টার দিকে ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়নের পূর্ব শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল বেপারীর নেতৃত্বে নুরনবী বেপারী, মনির বেপারী, গনি বেপারী, আবদুল্লাহ ও সুরেশ চন্দ্র রবিদাস একত্র হয়ে তাঁকে দোকানের কাজ বন্ধ করতে বলেন।
কাজ বন্ধ করার কারণ জানতে চাইলে তাঁরা দোকানে কাজ করতে হলে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। এ সময় আলমগীর মুন্সি তাঁদের বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তাঁরা তাঁর ওপর অনেক অত্যাচার করেছেন, বাড়ির গাছ কেটে নিয়েছেন এবং পুকুরের মাছ ধরে নিয়ে গেছেন। এখন বিএনপির সময়েও চাঁদা দাবি করছেন। এ কথা বলার পর তাঁরা সবাই মিলে তাঁকে মারধর শুরু করেন।
তাঁর চিৎকার শুনে ছেলে নুরনবী ও মনির এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে নুরনবীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকান। এতে তাঁর বাম হাতে কোপ লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। তাঁদের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার সময় তাঁরা আলমগীর মুন্সির কাছে থাকা ৪০ হাজার টাকা ও দুটি স্মার্টফোন নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। এ সময় চাঁদা না দিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে জানান আলমগীর।
তিনি আরও জানান, মারধরের শিকার হয়ে তাঁরা উপজেলা বিএনপির সভাপতির বাসায় গেলে তাঁদের অবস্থা দেখে তিনি দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর থানায় যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে যাওয়ার পথে তাঁরা থানায় গিয়ে ওসিকে ঘটনা জানান। ওসি তাঁদের প্রথমে হাসপাতালে চিকিৎসা নেওয়ার এবং পরে থানায় এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
পরে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে নুরনবীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি করা হয়। আলমগীর মুন্সি ও মনির প্রাথমিক চিকিৎসা নেন। এরপর তাঁরা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পাঞ্চায়েতকে ঘটনার বিবরণ জানান। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
আলমগীর মুন্সি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় শাকিল বেপারী তাঁকে আওয়ামী লীগে যোগ না দেওয়ায় বেদম মারধর করেন। এতে তাঁর বাম পা ও মাজা ভেঙে যায়। এখনো তাঁর পা ও মাজায় লোহার রড লাগানো রয়েছে। এ ছাড়া তখন তাঁর বাড়ি থেকে প্রায় এক লাখ টাকার গাছ কেটে নেওয়া হয় এবং দুই দফায় পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়া হয়, যার বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা হবে বলে দাবি করেন তিনি। এসব ঘটনার উপযুক্ত বিচার চান আলমগীর মুন্সি। ছেলে সুস্থ হলে আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে শাকিল বেপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দোকানঘরটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মূল বিরোধ সুরেশ চন্দ্রের সঙ্গে। তবে সেদিন তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। নুরনবীর হাত কাটার বিষয়টি তাঁদের বোধগম্য নয়। চাঁদা দাবি ও অন্যান্য অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তিনি।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩২:০৮ ১ বার পঠিত | ● আলমগীর মুন্সি ● চাঁদা দাবির অভিযোগ ● লালমোহন ● সাইফুল ইসলাম শাকিল বেপারী